টানা দ্বিতীয়বারের মতো যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের মেয়র নির্বাচিত হয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত সাদিক খান। লন্ডনের প্রথম মুসলিম মেয়র হিসেবে আরও তিন বছর দায়িত্ব পালন করবেন তিনি।
শনিবার (৮ মে) দিবাগত রাতে রক্ষণশীল প্রতিদ্বন্দ্বী শন বেইলিকে পরাজিত করেন ৫১ বছর বয়সী ব্রিটিশ নাগরিক সাদিক খান। প্রথম রাউন্ড ভোটে কোনো প্রার্থীই সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে না পারার পর দ্বিতীয় রাউন্ডে সাদিক খান ৫৫ দশমিক দুই ভাগ পপুলার ভোট পেয়ে নির্বাচিত হন। খবর বিবিসি নিউজের।
পুনর্নির্বাচিত হওয়ার পর টুইট বার্তায় লন্ডনবাসীকে ধন্যবাদ জানিয়েছেন সাদিক খান। তিনি বলেছেন, আরও তিন বছর লন্ডনের সেবা করার সুযোগ আমার জীবনের সেরা সম্মান।
লেবার পার্টির প্রার্থী সাদিক খান ১২ লাখ ৬ হাজার ৩৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শন বেইলি পেয়েছেন ৯ লাখ ৭৭ হাজার ৬০১ ভোট। তৃতীয় স্থানে থাকা গ্রিন পার্টির প্রার্থী সায়ান বেরির প্রাপ্ত ভোট এক লাখ ৯৭ হাজার ৯৭৬।
তবে সাদিক খানের লেবার পার্টি তুলনামূলক খারাপ ফল করেছে। ১০০ বছরের ইতিহাসে লেবার পার্টি এই প্রথম ডারহাম কাউন্সিল হাতছাড়া করেছে। এ ছাড়া এই নির্বাচনে লেবার পার্টি ২১টি আসন হারিয়েছে। প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টি গতবারের চেয়ে ১৪টি আসন বেশি পেয়েছে।